মেরিলিন মনরো: শতবর্ষ পরেও কেন তিনি অমর

বিশ্বের সবচেয়ে পরিচিত সাংস্কৃতিক আইকনদের একজন মেরিলিন মনরো। মৃত্যুর বহু দশক পরেও তাঁর জনপ্রিয়তা কমেনি। সৌন্দর্য, খ্যাতি ও সাফল্যের আড়ালে লুকিয়ে ছিল সংগ্রাম, একাকীত্ব এবং গভীর বেদনার গল্প। এ কারণেই তিনি আজও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
মেরিলিন মনরোর আসল নাম ছিল নরমা জিন মর্টেনসন। ছোটবেলায় তিনি পালক পরিবার ও এতিমখানায় বড় হন। তাঁর মা মানসিক অসুস্থতায় ভুগতেন এবং বাবার পরিচয়ও তাঁর কাছে অজানা ছিল। শৈশবের এই অনিশ্চয়তা তাঁর ব্যক্তিত্ব ও জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
১৯৫০-এর দশকে শীতল যুদ্ধের সময় তাঁর কিছু ভ্রমণ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ ছিল। ফলে তিনি এফবিআইয়ের নজরদারিতেও ছিলেন। অন্যদিকে, প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যায় প্রকাশিত তাঁর ছবি তাঁকে আরও আলোচনায় নিয়ে আসে, যদিও ছবিগুলো ছিল আগের একটি ফটোশুট থেকে নেওয়া।
অনেকেই তাঁকে শুধু গ্ল্যামার তারকা হিসেবে দেখলেও মনরো নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এ জন্য তিনি নিউ ইয়র্কে গিয়ে অভিনয়ের বিশেষ প্রশিক্ষণ নেন এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভা প্রমাণের চেষ্টা করেন।
ব্যক্তিগত জীবনে তিনি সুখী ছিলেন না। কোটি মানুষের ভালোবাসা পেলেও ভেতরে ভেতরে তিনি ছিলেন খুবই নিঃসঙ্গ। নাট্যকার আর্থার মিলারের সঙ্গে তাঁর বিবাহিত জীবনও নানা জটিলতায় ভরা ছিল। মানসিক চাপ ও অনিশ্চয়তা তাঁকে ক্রমশ দুর্বল করে তোলে।
১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত The Misfits ছিল তাঁর অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। আর্থার মিলারের লেখা এই ছবির গল্পে মনরোর ব্যক্তিগত জীবনের অনেক কষ্টের প্রতিফলন দেখা যায়। চরিত্রকে বাস্তব করে তুলতে গিয়ে তিনি নিজের মানসিক ক্ষত ও ট্রমাকে ব্যবহার করেছিলেন। নেভাদার মরুভূমিতে শুটিং চলাকালে তিনি ডিপ্রেশন ও ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এই ছবিতে দর্শকরা প্রথমবারের মতো গ্ল্যামারের আড়ালে থাকা এক সংবেদনশীল ও ভঙ্গুর নারীকে দেখতে পান।
পরবর্তী সময়ে নারীবাদী চিন্তাবিদরা মনরোকে নতুনভাবে মূল্যায়ন করেন। তাঁদের মতে, তিনি শুধু একজন তারকা ছিলেন না; বরং পুরুষতান্ত্রিক সমাজের নানা সীমাবদ্ধতার শিকারও ছিলেন। তাঁর জীবনসংগ্রামে অনেক নারী নিজেদের অভিজ্ঞতার প্রতিফলন খুঁজে পান।
হলিউড মেরিলিন মনরোকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিল, কিন্তু ইতিহাস তাঁকে অমরত্ব দিয়েছে। তিনি শুধু পপ-সংস্কৃতির একটি নাম নন; তিনি এক ট্র্যাজিক নায়িকা, সংগ্রামী নারী এবং সাহসী পথপ্রদর্শকের প্রতীক।




এখনও কোনো মন্তব্য নেই। আলোচনাটি শুরু করুন।