অ্যানথ্রপিকের সবচেয়ে উন্নত AI তে বিদেশিদের প্রবেশাধিকার বন্ধ করল যুক্তরাষ্ট্র, বিশ্বজুড়ে শুরু নতুন বিতর্ক।

বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শিল্পে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্র সরকার বিদেশি নাগরিকদের জন্য অ্যানথ্রপিকের দুটি সবচেয়ে শক্তিশালী AI মডেলের ব্যবহার নিষিদ্ধ করেছে। সরকারি নির্দেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি দ্রুত এসব মডেলের প্রবেশাধিকার প্রত্যাহার করেছে।
এই সিদ্ধান্তকে উন্নত AI প্রযুক্তি নিয়ন্ত্রণে ওয়াশিংটনের এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতদিন যুক্তরাষ্ট্র মূলত AI চালানোর জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর চিপের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করত। এবার প্রথমবারের মতো সরাসরি AI মডেলগুলোকেই জাতীয় নিরাপত্তার কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করে নিয়ন্ত্রণের আওতায় আনা হলো।
অ্যানথ্রপিক শুক্রবার ঘোষণা দেয় যে তারা সরকারি নির্দেশনা মেনে তাদের ফ্ল্যাগশিপ এআই মডেল ‘Fable 5' এবং‘Mythos 5 '-এর ব্যবহার বন্ধ করে দিয়েছে।
নিষেধাজ্ঞাটি শুধু গ্রাহকদের ক্ষেত্রেই নয়, যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থানরত অ্যানথ্রপিকের নিজস্ব বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানা গেছে। শনিবারের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা মডেলগুলোতে প্রবেশ করতে না পারার অভিযোগ জানান।
এই নির্দেশনা এমন এক সময়ে এসেছে, যখন অ্যানথ্রপিক ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার নীতিতে তাদের AI ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় অ্যানথ্রপিক।
এর পরিপ্রেক্ষিতে পেন্টাগন প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে এবং সরকারি ব্যবহারের জন্য প্রযুক্তিটিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করে। নতুন নিষেধাজ্ঞা ইঙ্গিত দিচ্ছে যে, এখন এই প্রযুক্তিকে বিদেশি ব্যবহারের জন্যও অত্যন্ত সংবেদনশীল বলে মনে করছে মার্কিন কর্তৃপক্ষ।
নিরাপত্তা উদ্বেগ ও ‘Jailbreak ’ বিতর্ক
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'Fable 5' মডেলের একটি কথিত নিরাপত্তা দুর্বলতা।
অ্যানথ্রপিক জানিয়েছে, সরকারি কর্মকর্তারা তাদের এমন একটি পদ্ধতির কথা জানিয়েছেন যার মাধ্যমে মডেলটির নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়া সম্ভব হতে পারে। প্রযুক্তি জগতে এ ধরনের কৌশলকে সাধারণত ‘Jailbreak ’ বলা হয়।
তবে অ্যানথ্রপিকের দাবি, তারা কেবল মৌখিকভাবে একটি “সীমিত ও সর্বজনীন নয়” এমন সম্ভাব্য জেলব্রেকের বিষয়ে অবহিত হয়েছিল। কোম্পানির মতে, এমন একটি সীমিত ঝুঁকির কারণে বিশ্বব্যাপী ওটির প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়।
কিন্তু যুক্তরাষ্ট্র প্রশাসন বিষয়টিকে যথেষ্ট গুরুতর বলে মনে করেছে বলেই ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইকে আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার কথা জানান। তবে বাণিজ্য বিভাগ কিংবা পেন্টাগন—কোনো পক্ষই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেনি।
নতুন প্রজন্মের AI নিয়ে বাড়ছে উদ্বেগ
ঘটনার সময়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, অ্যানথ্রপিক মাত্র কয়েক দিন আগে ‘Claude Fable 5’ উন্মোচন করেছিল এবং এটিকে এআই সক্ষমতার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে উপস্থাপন করেছিল।
প্রতিষ্ঠানটি মডেলটিকে নতুন “Mythos class ” শ্রেণির অংশ হিসেবে বর্ণনা করে, যা তাদের আগের “Opus-class ” মডেলগুলোর চেয়েও বেশি শক্তিশালী। অ্যানথ্রপিকের দাবি ছিল, এটি তাদের প্রকাশ্যে উন্মুক্ত করা ইতিহাসের সবচেয়ে সক্ষম এআই মডেল।
বিশেষ করে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মডেলটির দক্ষতা গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে। সফটওয়্যারের দুর্বলতা ও নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার ক্ষেত্রে এর অসাধারণ ক্ষমতা ছিল বলে জানা যায়। তবে একই দক্ষতা প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক—উভয় ধরনের কাজে ব্যবহৃত হতে পারে।
অ্যানথ্রপিক নিজেও উদ্বেগের বিষয়টি স্বীকার করেছিল।
মডেলটি উন্মোচনের সময় প্রতিষ্ঠানটি সতর্ক করেছিল যে, যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকলে ‘ফেবল ৫’-এর উন্নত সাইবার সক্ষমতা অপব্যবহারের মাধ্যমে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। সে কারণেই তারা বিভিন্ন নিরাপত্তা সীমাবদ্ধতা আরোপ করেছিল। কিন্তু মার্কিন সরকারের ধারণা, এসব সুরক্ষা ব্যবস্থার অন্তত কিছু অংশ এড়িয়ে যাওয়া সম্ভব।
অর্থনৈতিক ও শিল্পখাতে এর সম্ভাব্য প্রভাব
অ্যানথ্রপিকের জন্য এই নিষেধাজ্ঞা এসেছে অত্যন্ত সংবেদনশীল সময়ে।
প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারে তাদের সবচেয়ে উন্নত পণ্যের প্রবেশাধিকার হারানো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
একই সময়ে এআই শিল্পে প্রতিযোগিতাও তীব্রতর হচ্ছে। নিষেধাজ্ঞার খবর প্রকাশের দিনই স্পেসএক্স বহুল প্রতীক্ষিত IPO(আইপিও )চালু করে এবং যুক্তরাষ্ট্রের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়। অন্যদিকে OpenAI ও ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে বলে খবর রয়েছে।
ফলে অ্যানথ্রপিকের ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে, বিশেষ করে যদি উন্নত এআই প্রযুক্তি ক্রমশ সরকারি নিয়ন্ত্রণের আওতায় চলে আসে।
জাতীয় নিরাপত্তাই এখন প্রধান বিবেচনা
পেন্টাগন তাদের অবস্থান স্পষ্ট করেছে।
প্রতিরক্ষা বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা কিরস্টেন ডেভিস বলেছেন, জাতীয় নিরাপত্তা ও মার্কিন সেনাদের সুরক্ষা যেকোনো বাণিজ্যিক স্বার্থ, প্রচারণা বা কোম্পানির বাজারমূল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তার এই মন্তব্য ওয়াশিংটনের নীতিগত পরিবর্তনেরই প্রতিফলন। যুক্তরাষ্ট্র এখন আর উন্নত এআইকে শুধু বাণিজ্যিক প্রযুক্তি হিসেবে দেখছে না; বরং এটি ক্রমশ ভূরাজনৈতিক ও কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হচ্ছে।
বিশ্বের জন্য সতর্কবার্তা
এই সিদ্ধান্তের ফলে আবারও আলোচনায় এসেছে ‘AI Sovereignity ’—অর্থাৎ একটি দেশের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্নয়ন ও নিয়ন্ত্রণের সক্ষমতার বিষয়টি।
AI অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করা বিশ্লেষক অ্যান্টন লাইখট মনে করেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রের বিপুল প্রযুক্তিগত আধিপত্যকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে।
তার মতে, বিদেশি বাজারের সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা বিশেষভাবে বিবেচনা না করেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পেরেছে। কারণ এআই প্রতিযোগিতায় দেশটি বর্তমানে এতটাই এগিয়ে যে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে তাদের খুব বেশি চিন্তা করতে হচ্ছে না।
লাইখটের মতে, সম্ভাব্য জেলব্রেক মোকাবিলায় এই নিষেধাজ্ঞা হয়তো খুব সূক্ষ্ম বা কার্যকর সমাধান নয়। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে—বিদেশি এআই প্রযুক্তির ওপর নির্ভরশীল দেশগুলো যেকোনো সময় প্রবেশাধিকার হারানোর ঝুঁকিতে রয়েছে।
ব্রিটেনসহ বিভিন্ন দেশের নীতিনির্ধারকেরা ইতিমধ্যে এই ঘটনাকে নিজস্ব এআই খাতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার প্রমাণ হিসেবে উল্লেখ করছেন।
তবে লাইখট মনে করেন, বাস্তবে সেই লক্ষ্য অর্জন সহজ নয়। উন্নত এআই মডেল তৈরির পাশাপাশি সেগুলো প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উন্নত সেমিকন্ডাক্টর অবকাঠামোর বড় অংশও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে অন্য দেশগুলোর জন্য এই ব্যবধান দ্রুত কমিয়ে আনা অত্যন্ত কঠিন।
বৈশ্বিক AI যুগের এক সন্ধিক্ষণ
নিষেধাজ্ঞাটি সাময়িক হোক বা স্থায়ী—এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।
দীর্ঘদিন ধরে প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ছিল হার্ডওয়্যার। কিন্তু এখন নিয়ন্ত্রণের লক্ষ্যবস্তু হয়ে উঠছে প্রযুক্তির ভেতরে থাকা বুদ্ধিমত্তা—অর্থাৎ এআই মডেল নিজেই।
অ্যানথ্রপিকের এই ঘটনা এমন এক নতুন যুগের সূচনা করছে, যেখানে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশাধিকার বাজারের চাহিদা বা প্রযুক্তিগত সক্ষমতার চেয়ে বেশি নির্ধারিত হতে পারে জাতীয় নিরাপত্তার হিসাব-নিকাশে।
বিশ্ব যখন এই ঘটনার প্রভাব মূল্যায়ন করছে, তখন একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে—উন্নত AI আর শুধু একটি ব্যবসায়িক পণ্য নয়; এটি বৈশ্বিক প্রতিযোগিতার কেন্দ্রে থাকা এক কৌশলগত সম্পদ।
#AI #ArtificialIntelligence #Anthropic #ClaudeAI #USAI #TechNews #AINews #FutureTech #MachineLearning #CyberSecurity #NationalSecurity #Innovation #AIRegulation #GlobalTech #Technology #Geopolitics #AIGovernance #DigitalFuture #OpenAI #TechUpdate #BanglaTech #AITechnology #WorldNews #USA #AIRevolution
বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত নিয়ে লিখেছেন মাইন আহমেদ




এখনও কোনো মন্তব্য নেই। আলোচনাটি শুরু করুন।